আন্তঃজেলা মাদক চক্রের গডফাদার ও ১৬ মামলা'র আসামি মনির এবং তার নারী সহযোগী গ্রেফতার
মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরে আন্তঃজেলা মাদক চক্রের গডফাদার ও ১৬ মামলার কুখ্যাত আসামি মনির হোসেন মনির (৪৬) এবং তার এক নারী সহযোগী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে। রবিবার (৭ জুন) আনুমানিক সকাল ১০ টা ৩০ মিনিটে মহেশপুর থানা পুলিশের নেতৃত্বে উপজেলার ০৩নং পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী বাগানপাড়া গ্রামে আসামি মনিরের বাড়িতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে তাদেরকে গ্রেফতার করে মহেশপুর থানা পুলিশের একটি বিশেষ টিম। সেসময় তাদের নিকট থেকে ০৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ, ৯১ হাজার, ৪ শত, বিশ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মনির হোসেন মনির মহেশপুর উপজেলার ঘুগরী বাগানপাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আসামী মনির হোসেন মনিরের বিরুদ্ধে ঝিনাইদহ, নাটোর, ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের ১৬টি মামলা রয়েছে।
সেসময় পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, ঝিনাইদহ জেলা পুলিশ মাদকের বিস্তাররোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে নিরলসভাবে কাজ করে আসছে। এটি তারই ধারাবাহিকতা। আসামী মনিরের অন্যান্য সহযোগীসহ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঝিনাইদহ জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে।








