কোরবানিকে সামনে রেখে কক্সবাজার কামারপট্রিতে নির্ঘুম ব্যস্ততা
নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি:
দোয়ারে কড়া নাড়ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে কক্সবাজারের কামারপট্রিতে নির্ঘুম ব্যস্থতায় কামার সম্প্রদায়। বছরের বেশিরভাগ সময় মন্দায় কাটলেও এখন কিছুটা স্বস্তি ফিরেছে তাদের জীবনে। দা, ছুরি, চাকু, বটি ও চাপাতি কিনতে এবং পুরোনো সরঞ্জাম ধার করাতে ভিড় করছেন ক্রেতারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কামাররা।
কয়েকটি বাজার ঘুরে দেখা যায়,কামারের দোকানগুলোতে তাদের ব্যস্তার এ দৃশ্য।
খোঁজ নিয়ে জানাগেছে, শহর ছাড়াও জেলার ঈদগাঁও বাজার , জোয়ারিয়ানালা বাজার, কলঘর বাজার,পানিরছড়া বাজার, ঈদগড় বাজারেও কামারদের দোকানে ভিড় করছে মানুষ। এসব দোকানো এখন শুধু শোনা যাচ্ছে টুং টাং আওয়াজ।
কামার দোকানদার সুকুমার দে বলেন, সারা বছর তেমন কাজ থাকে না। কোরবানির ঈদ এলেই আমাদের ব্যস্ততা বেড়ে যায়। এবারও ভালো বিক্রি হচ্ছে। মানুষ নতুন দা-ছুরি কিনছে, আবার অনেকেই পুরোনো জিনিস ধার করাচ্ছেন। তবে কয়লার দাম বেশি হওয়ায় লাভ একটু কম হচ্ছে।
ঈদগাঁও বাজারের অমল দে বলেন, লোহার দাম বেড়েছে, তারপরও ক্রেতাদের চাহিদা কমেনি। ঈদকে কেন্দ্র করে আমরা অনেক অর্ডার পাচ্ছি। এখন দিন-রাত কাজ করতে হচ্ছে।
সাব্বির,রমজান,আতিকসহ কয়েকজন বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে বাজারে ক্রেতাদের চাপ বেড়েছে। কামারদের দোকানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় দেখা যাচ্ছে। এতে তাদের ব্যবসায় নতুন প্রাণ ফিরেছে।
শহরের চাউলবাজার সংলগ্ন কামারপট্রিতে দা ও ছুরি কিনতে আসা ক্রেতা রমজান আলি বলেন, কোরবানির কাজের জন্য ভালো মানের দা ও ছুরি প্রয়োজন। তাই আগেভাগেই কিনতে এসেছি। স্থানীয় কামারদের তৈরি জিনিস টেকসই হওয়ায় এগুলোর চাহিদা বেশি।ঈদুল আজহাতে যেহেতু প্রতিটি মুসলমানদের ঘরে মাংস কাটাকাটির জন্য দা,ছুরি প্রয়োজন তাই কদর ও ব্যস্ততা দুটোই বেড়েছে কামারদের।








