চৌমুহনীতে দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসার মুহতামিম

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৫:২৪ পিএম
চৌমুহনীতে দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসার মুহতামিম

মো: মিজানুর রহমান সুমন, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চৌমুহনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনবাগ উপজেলার বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৮ মে) বেলা প্রায় ১২টার দিকে চৌমুহনী হলিকেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম এবং “যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ”-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ব্যক্তিগত কাজে চৌমুহনী এলাকায় গেলে সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে সেনবাগসহ পুরো নোয়াখালী অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মীয়, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার মৃত্যুতে শোক ও স্মৃতিচারণ করছেন অসংখ্য মানুষ।

মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা বিস্তার, সামাজিক অবক্ষয় রোধ এবং যৌতুকবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। একজন সৎ, বিনয়ী ও মানবিক মানুষ হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি ছিল।

তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।