শুধু উচ্চ শিক্ষা দিয়ে ‘বেকারত্বের কারখানা’ তৈরি করা যাবে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১০:২৫ পিএম
শুধু উচ্চ শিক্ষা দিয়ে ‘বেকারত্বের কারখানা’ তৈরি করা যাবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

সবাইকে উচ্চ শিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি, ৬ষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে। যেখানে পরীক্ষার ফলাফল, মেধাতালিকায় হ্যাকিং বা অবৈধভাবে পরিবর্তনের জন্য সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে।

এহসানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে। বর্তমান সরকার সেভাবেই শিক্ষাব্যবস্থা গড়ে তুলছে।

তিনি জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীতে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। শুধুমাত্র অনার্স-মাস্টার্স বা উচ্চশিক্ষার পেছনে না ছুটে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য।