তিস্তা মহাপরিকল্পনা গোটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১০:২৪ পিএম
তিস্তা মহাপরিকল্পনা গোটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা যদি খুব পরিকল্পিত বাঁধ নির্মাণ করি ও পরিকল্পিত ড্রেজিং করি তাহলে আমাদের এই অঞ্চলের মানুষকে আমরা ইনশা'আল্লাহ রক্ষা করতে সক্ষম হবো। সেই কাজটুকু করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা একত্রিত হয়েছি।

শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে অবসর রেস্ট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় পানিসম্পদ মন্ত্রী বলেন, উজানে গজলডোবা, সেখানে পানির স্রোত আসছে। এই স্রোতের কারনে তিস্তার পাড় ভেঙে যাচ্ছে, আরেক দিকে এখানে নদী ভাঙন বিশাল ভাবে দেখা দিচ্ছে। পানি এত অভার ফ্লো হচ্ছে, তাতে এলাকার মানুষের বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে। এ কষ্ট লাঘবে পরিকল্পিত ড্রেজিং ও বাঁধ করা হবে।

এ্যানি বলেন, তিস্তাপাড়ের সকল দিক বিবেচনা করলে তিস্তা মহাপরিকল্পনা জরুরি প্রয়োজন। শুধু এখানে না গোটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ভিত্তিতে আমরা আজকে টেকনিক্যাল টিম নিয়ে পরিদর্শনে এসেছি।

মন্ত্রী আরও বলেন, তিস্তা শুধু আপনাদের (লালমনিরহাট, রংপুর) দুঃখ না, এটা সারা বাংলাদেশের দুঃখ। আমরা যখনই এ কাজগুলো দৃশ্যমান করে সমাপ্ত করতে পারব, হয়তো ২/৪ বছর বা ৬/৭ বছর সময় লাগবে। কিন্তু এর যে বেনিফিট আসবে তাতে সারা বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে। অর্থনীতির ভিত মজবুত হবে। এখানে কৃষি উপকরণ এবং কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে যেটা আপনাদের ৫টা জেলার দুঃখ তা আনন্দে পরিনত হবে। সেই দিকেই আমরা যাচ্ছি। এটার দীর্ঘ কাজ রয়েছে। অনেক বৈঠক রয়েছে। পদ্মা ব্যারাজের প্রকল্পের মত এই প্রকল্পটিও একনেকে আনা হবে।