দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


কয়েক দশকের অর্থনৈতিক অগ্রগতির পর বর্তমানে বড় সংকটের মুখে বাংলাদেশ। দুর্বল ব্যাংক খাত, উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক জ্বালানি সংকটের চাপে দেশের অর্থনীতি ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময় তিন বছর পিছিয়েছে সরকার। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, এই বাড়তি সময় কাজে লাগিয়ে প্রয়োজনীয় সংস্কার করতে না পারলে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতার ঝুঁকিতে পড়তে পারে দেশ।


ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ কোটি মানুষের বাংলাদেশ আয়তনে তুলনামূলক ছোট হলেও জনসংখ্যার দিক থেকে ইউরোপের যেকোনো দেশের চেয়ে বড়। আগামী ২৪ নভেম্বর এলডিসি তালিকা থেকে বেরিয়ে আসার কথা ছিল বাংলাদেশের। এ তালিকায় থাকার কারণে স্বল্পোন্নত দেশগুলো উন্নয়ন ঋণে বিশেষ সুবিধা এবং উন্নত দেশগুলোর বাজারে কম শুল্কে পণ্য রপ্তানির সুযোগ পায়।


এলডিসি উত্তরণ বাংলাদেশের জন্য ছিল দীর্ঘদিনের অর্জন উদ্‌যাপনের উপলক্ষ। ১৯৭১ সালে স্বাধীনতার সময় বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ছিল বাংলাদেশ। এরপর কয়েক দশকে মাথাপিছু আয় চার গুণ বেড়েছে, শিশুমৃত্যুর হার কমেছে, শিক্ষার আওতা বেড়েছে এবং চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।


তবে অর্থনৈতিক সংকটের কারণে সেই অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি আপাতত পিছিয়ে গেছে। জাতিসংঘের কাছে উত্তরণের সময় তিন বছর বাড়ানোর আবেদন করেছিল বাংলাদেশ, যা গত মাসে অনুমোদিত হয়েছে।


প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির জন্য শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের কিছু নীতির দায় তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর প্রথমে অন্তর্বর্তী সরকার এবং গত ফেব্রুয়ারি থেকে বিএনপি দেশ পরিচালনা করছে। অভ্যুত্থানের আগে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাংক খাত থেকে অর্থ লুটের অভিযোগ রয়েছে। এর ফলে ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি বা মন্দ ঋণে পরিণত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরও বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি। কর্মকর্তাদের অভিযোগ, দেশের পোশাকশিল্পে ধর্মঘট, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। দলটির অবৈধভাবে অর্জিত অর্থ ও রাজপথে সক্রিয় কর্মী বাহিনী রয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।


তবে বাংলাদেশের সংকটের সব কারণ অভ্যন্তরীণ নয় বলে উল্লেখ করেছে সাময়িকীটি। ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় চলতি বছর অনেক কারখানা বন্ধ হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবি তুলেছেন। অন্যদিকে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক কারখানার মালিকের পক্ষে সেই দাবি পূরণ করা কঠিন হয়ে পড়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সরকারও মূল্যস্ফীতি ও দুর্নীতি নিয়ন্ত্রণে প্রত্যাশিত গতিতে অগ্রসর হতে পারেনি। বিক্ষোভ মোকাবিলায় সরকারের কিছু পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছে সাময়িকীটি।


মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধিতে চাপ


ইকোনমিস্টের বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশ এখন দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থবিরতা ও উচ্চ মূল্যস্ফীতির ঝুঁকিতে রয়েছে। ২০২২ সালের মাঝামাঝি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশে মূল্যস্ফীতি বাড়তে শুরু করে। এরপর থেকে মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে রয়েছে।


অন্যদিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিও কমেছে। আগে প্রবৃদ্ধির হার প্রায় ৬ শতাংশ থাকলেও ২০২৫ সালে তা নেমে আসে ৩ দশমিক ৫ শতাংশে। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো দেশে দারিদ্র্য বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সাময়িকীটির মতে, প্রায় পাঁচ বছর ধরে মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হার বেশি থাকায় মানুষের প্রকৃত আয় কমেছে। ভালো কর্মসংস্থানের অভাবও তরুণদের অসন্তোষের অন্যতম কারণ, যা এখনো কাটেনি।


ব্যাংক খাত সংস্কারই বড় চ্যালেঞ্জ


প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্য নিয়ে আপাতত বড় ধরনের সংকটের আশঙ্কা তুলনামূলক কম। বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়লেও প্রবাসী আয় ও পোশাক রপ্তানি থেকে আসা বৈদেশিক মুদ্রা পরিস্থিতি সামাল দিতে সহায়তা করবে।


তবে অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বলতা বড় উদ্বেগের কারণ। চলতি বছর ঋণ পরিশোধের ব্যয় জিডিপির ৩ শতাংশে পৌঁছাতে পারে, যা সরকারের অর্থব্যবস্থার ওপর চাপ বাড়াবে। বাংলাদেশে কর-জিডিপি অনুপাত মাত্র ৭ শতাংশের মতো বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


বিশ্লেষকদের মতে, অর্থনীতি পুনরুদ্ধারে সবচেয়ে জরুরি কাজ হলো ব্যাংক খাতের সংস্কার। তবে ব্যাংকগুলোকে সহায়তা দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো সংস্থাগুলো ভর্তুকি কমানোর শর্ত দিতে পারে। রাজনৈতিকভাবে এমন সিদ্ধান্ত সরকারের জন্য অজনপ্রিয় হতে পারে।


ইকোনমিস্টের পরামর্শ, এলডিসি উত্তরণ পিছিয়ে যাওয়ার তিন বছরকে অর্থনৈতিক সংস্কারের সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি বিশেষ বাজার সুবিধা হারানোর ঝুঁকি মোকাবিলায় বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে মনোযোগ দিতে হবে।


প্রতিবেদনের শেষাংশে বলা হয়েছে, চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসা এবং একটি নিপীড়ক শাসনব্যবস্থার পতন ঘটানো বাংলাদেশের অর্জনের গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও স্থিতিশীল হতে দেশটির সামনে এখনো অনেক পথ বাকি।