দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, নিট রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৫৭ বিলিয়ন ডলার।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এদিকে প্রবাসী আয়েও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে দেশে ২১৩ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ১৯০ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ শতাংশ।


বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ১৮ নভেম্বর এক দিনেই দেশে ৭ কোটি ৭০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। আর চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৫৯ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ২০৫ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ৮ শতাংশ।


এর আগে নভেম্বরের প্রথম ১৭ দিনে দেশে ২০৫ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স আসার তথ্য জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে ১৭ নভেম্বর এক দিনেই এসেছিল ৮ কোটি ১০ লাখ ডলার।


প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের একই সময়ে দেশে ১৭৯ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৫২ কোটি ডলার; আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ ডলার। এ হিসাবে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ২ শতাংশ।