জেলের জালে ধরা অজগরের নিরাপদ প্রত্যাবর্তন সুন্দরবনে
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে মাছ ধরার জালে ধরা পড়া প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি নিজেদের হেফাজতে নেন এবং প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার সিদ্ধান্ত জানান।
জানা গেছে, সোমবার সকালে গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার বুছনা তুলতে গিয়ে জালের মধ্যে বিশাল আকৃতির অজগরটি আটকে থাকতে দেখেন। বিষয়টি ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ সেখানে ভিড় করেন। পরে স্থানীয়দের অনুরোধে রাসেল কবিরাজ ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন।
রাসেল কবিরাজ জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি। তিনি বলেন, “বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তাই সাপটিকে নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তরের ব্যবস্থা করেছি। উদ্ধার অভিযানের সময় প্রাণীটির কোনো ক্ষতি হয়নি।”
পরে সাপটি উপজেলা সদরে নিয়ে এলে উৎসুক জনতা ভিড় জমায়। অনেকে জীবনে প্রথমবার এত বড় অজগর কাছ থেকে দেখার সুযোগ পান। এ সময় বন বিভাগের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে সাপটির দায়িত্ব গ্রহণ করেন।
গুলিশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, বন বিভাগের কাছে খবর পৌঁছানোর পর দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি জানান, অজগরটি সুস্থ রয়েছে এবং প্রাথমিক পর্যবেক্ষণ শেষে সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হবে।
প্রকৃতিবিদদের মতে, অজগর পরিবেশের খাদ্যশৃঙ্খল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইঁদুরসহ বিভিন্ন ছোট প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রেখে কৃষি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই প্রজাতির অবদান রয়েছে। তাই এ ধরনের প্রাণী উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।









