এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের সমাপনীতে সনদ বিতরণ

প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৯:৩৭ পিএম
এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের সমাপনীতে সনদ বিতরণ

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে তিনদিন ব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন, বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহদাৎ হোসেন।

এসময় তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতাকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ফ্যাক্ট চেকিং, তথ্য যাচাই এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন তিনি। পাশাপাশি বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের আচরণবিধি সম্পর্কে প্রশিক্ষণের ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউনেস্কো বাংলাদেশ এর মিডিয়া অ্যান্ড ইলেকশন প্রকল্পের প্রধান শাকিল এম ফয়সাল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন জিলহাজ উদ্দিন নিপুন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

প্রশিক্ষণ শেষে ৩৫ জন গণমাধ্যমকর্মীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

বক্তারা তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে দায়িত্বশীল সাংবাদিকতা, তথ্য যাচাই এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।