ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে পবিপ্রবি ও ববির উপাচার্যকে সংবর্ধনা
সফিকুল আকাশ , পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউট্যাব ও জিয়া পরিষদের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মামুন অর রশিদ এবং পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৪ জুন (বুধবার) সকাল ১০টায় পবিপ্রবির টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. এ বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক ড. বদিউজ্জামান, অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, অধ্যাপক ড. খোকন হোসেন, অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. আহসানুর রেজা, অধ্যাপক ড. মো. আলমগীর কবির, অধ্যাপক ড. এ কে এম মোস্তফা আনোয়ার, প্রভাষক ডা. মহিবুল্লাহ রুবেল, জিয়া পরিষদের সভাপতি আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, এম. রিয়াজ কাঞ্চন শহীদ, মাহমুদ আল জামান, ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনি,কর্মচারী প্রতিনিধি মাহবুব হোসেন ও মোশারেফ হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, "দায়িত্ব গ্রহণের পর পাওয়া সম্মান ও ভালোবাসার মর্যাদা রক্ষা করাই তাঁর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা কথা কম বলব, কাজ বেশি করব। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব। আমি প্রশাসক নয়, সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিয়ে পবিপ্রবিকে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।”
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, "বরিশাল বিশ্ববিদ্যালেয় পরিবারের প্রত্যাশা পূরণে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় জোরদারের মাধ্যমে শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নেওয়ার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবেন।"
বক্তব্য শেষে পবিপ্রবির ইউট্যাব, জিয়া পরিষদ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড.আতিকুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।









