রাশিয়ার মিত্র সার্বিয়ায় জেলেনস্কির ঐতিহাসিক সফর

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ১০:৪০ এএম
রাশিয়ার মিত্র সার্বিয়ায় জেলেনস্কির ঐতিহাসিক সফর

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো সরকারি সফরে সার্বিয়া গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সার্বিয়ায় সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করবেন জেলেনস্কি।


বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বেলগ্রেড বিমানবন্দরে পৌঁছালে জেলেনস্কিকে স্বাগত জানান সার্বিয়ার জ্বালানিমন্ত্রী দুব্রাভকা জেদোভিচ হান্দানোভিচ। পরে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিদ্যমান সম্পর্ক, উভয় দেশের জন্য পারস্পরিকভাবে লাভজনক বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে।


সার্বিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্সিয়াল প্রাসাদে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে তাঁরা যৌথ সংবাদ সম্মেলনেও বক্তব্য দেবেন।


জেলেনস্কির এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য সার্বিয়াকে রাশিয়ার প্রভাববলয় থেকে বের করে আনা বলে জানিয়েছেন ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।


তবে মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে আবারও স্পষ্ট করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। তিনি জানান, কয়েক বছর ধরে এ বিষয়ে সার্বিয়ার যে অবস্থান রয়েছে, সেটিই বহাল থাকবে।


সার্বিয়া ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানালেও মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক বা কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেনি। বেলগ্রেডের এই অবস্থানের কারণে দেশটির ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়া জটিল ও দীর্ঘায়িত হচ্ছে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোরও অসন্তোষ রয়েছে।


জেলেনস্কির এই সফরকে তাই রাশিয়া-ঘনিষ্ঠ সার্বিয়ার সঙ্গে ইউক্রেনের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।