দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রিতে দুর্নীতির অভিযোগে করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে এসব মামলার অন্য আসামিদেরও খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ১৮টি সরকারি বাড়ি বিক্রিতে অনিয়মের মাধ্যমে সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতির অভিযোগে ২০০৭ সালের ২৯ মার্চ মির্জা আব্বাসসহ ২১ জনের বিরুদ্ধে পৃথক ১৫টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এসব মামলার মধ্যে মির্জা আব্বাসসহ ১২ জনকে প্রতিটি মামলায় আসামি করা হয়। অন্যদের মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী ও আহমেদ আকবর সোবহানকে দুটি করে মামলায় এবং আরও কয়েকজনকে পৃথক মামলায় আসামি করা হয়। রায়ে সবাই খালাস পেয়েছেন।
মামলাগুলোতে অভিযোগ করা হয়, গুলশান, ধানমন্ডি ও শান্তিনগরসহ ঢাকার বিভিন্ন এলাকার ১৮টি পরিত্যক্ত সরকারি বাড়ি বিক্রির ক্ষেত্রে দরপত্রে কারচুপি করা হয়েছিল। পছন্দের ব্যক্তিদের কম মূল্যে বাড়িগুলো পাইয়ে দিয়ে সরকারের বিপুল আর্থিক ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
দুদকের অভিযোগ অনুযায়ী, তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস ক্ষমতার অপব্যবহার ও অবৈধ প্রভাব খাটিয়ে এসব বাড়ি বিক্রির অনুমোদন দেন। সরকারি কর্মকর্তাদের দেওয়া বেশি দর উপেক্ষা করে রাজউকের মাধ্যমে কম মূল্যের সাজানো দরপত্রের ভিত্তিতে বাড়িগুলো বিক্রির ব্যবস্থা করা হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলাগুলো তদন্ত শেষে একই বছরের ২৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় এবং তৎকালীন বিচারক শাহেদ নূরউদ্দিন অভিযোগ গঠন করেন।
বিচার চলাকালে আদালত ২৪ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত মির্জা আব্বাসসহ সব আসামিকে খালাস দেন।
এমকে/বিএম২৪









