মাদকের বিরুদ্ধে কঠোর বেগমগঞ্জ প্রশাসন: অভিযানে আটক ৫, বিভিন্ন মেয়াদে সাজা
মো: মিজানুর রহমান সুমন, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানে স্থানীয় প্রশাসন। বুধবার (৮ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযানে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলার কেন্দুরবাগ পশ্চিম খালপাড়, এখলাশপুরের কাতালবাড়ি এবং চৌমুহনী চৌরাস্তা এলাকায় পরিচালিত এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পুলিশ, র্যাব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনসহ বিভিন্ন মাদকদ্রব্য কেনাবেচার দায়ে পাঁচজনকে হাতে-নাতে আটক করা হয়। জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাদের তাৎক্ষণিক সাজা প্রদান করেন।
মো. নিজাম উদ্দিন (৩৬): মীর ইউনিয়নের পশ্চিম খালপাড় এলাকার বাসিন্দা। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মো. জাহাঙ্গীর (৪৬), সাহাবউদ্দিন (৩০), সালাউদ্দিন (৩৩) ও সাগর হোসেন (২০): এখলাশপুর ইউনিয়নের কাতালবাড়ি এলাকার এই চারজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে জাহাঙ্গীরকে ১ হাজার টাকা, সাহাবউদ্দিনকে ৩০০ টাকা এবং সালাউদ্দিন ও সাগর হোসেনকে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের এই যৌথ অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"
তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী দিনগুলোতেও এ ধরনের কঠোর টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হবে।








