চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ১১:০৭ পিএম
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যু

মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সদস্য ফাইয়াজ তাজরিয়ান (২৫) নিহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে নগরীর চকবাজার থানার দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন আক্তারুজ্জামান ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফ্লাইওভারের ওপর একটি বিকল ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ফাইয়াজ তাজরিয়ান মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাইয়াজ তাজরিয়ান চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম হাকিম উদ্দিন।

বর্তমানে নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।