বাগেরহাটে মাদকের আস্তানায় অভিযান, গাঁজা-ইয়াবাসহ আটক ১
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মোতাহার মোড়ল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে সদর উপজেলার কররী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মোতাহার মোড়ল ওই গ্রামের মাহাতাব মোড়লের ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা দুই কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) বিজয় কুমার মজুমদার বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
ডিএনসি কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।









