পুলিশের জালে ইয়াবা ব্যবসায়ী, উদ্ধার ১৬০০ পিস মাদক
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাটে মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে পরিচালিত অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিবুর হক তামিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ জুন) ভোররাতে উপজেলার আট্টাকী মহাসড়ক এলাকায় অভিযানটি পরিচালিত হয়। পুলিশ জানায়, নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বহন করা ব্যাগে তল্লাশি চালিয়ে ইয়াবার চালান উদ্ধার করা হয়।
অভিযানের সময় একটি মোবাইল ফোন এবং একটি ব্যাগও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি খুলনার খালিশপুর এলাকার মৃত এনামুল হকের ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় এসআই মানিক রাজবংশী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ বলছে, মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এই সাফল্য এসেছে।
ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম জানান, মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।









