শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল, এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রাণী

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম
শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল, এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক বিউটি রাণী

সূত্রঃ ফাইল ছবি

সিলেট প্রতিনিধি


‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।


সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের সই করা এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।


জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে বিউটি রাণী পাল ছাড়াও রয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।


এর আগে একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন বিউটি রাণী পাল। গত ২৩ জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। এতে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করা হয়।


ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর প্রতিবাদে একই গানকে প্রতীকী প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকার শিক্ষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনব প্রতিবাদ শুরু করেন।


পরবর্তী সময়ে সমালোচনার মুখে পাশে থেকে সমর্থন দেওয়ায় দেশবাসী, পরিবার ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন বিউটি রাণী পাল।


এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ আয়োজনে সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন বিউটি রাণী পাল। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।