গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
সূত্রঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ধীরাশ্রম এলাকায় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রাক। এতে অটোরিকশাটি সড়কের পাশে ছিটকে পড়ে। অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
গাজীপুর সদর (মেট্রোপলিটন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।









