ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পিএম
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

সূত্রঃ ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক


ডলার বা অন্য কোনো বৈদেশিক মুদ্রা ব্যবহার না করেও এখন টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধ করা যাবে। এ সুযোগ দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।


বুধবার (২৩ সেপ্টেম্বর) জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি ব্যাংকের নামে পরিচালিত নন-রেসিডেন্ট টাকা বা ভোস্ট্রো হিসাবের মাধ্যমে আমদানি-রপ্তানি লেনদেনের অর্থ টাকায় নিষ্পত্তি করা যাবে। বৈদেশিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমাতে এ ব্যবস্থা চালু করা হয়েছে।


নতুন ব্যবস্থায় আমদানিকারকের কাছ থেকে পাওয়া টাকা সংশ্লিষ্ট ভোস্ট্রো হিসাবে জমা হবে। পরে ওই হিসাব থেকে বাংলাদেশের রপ্তানিকারকের অনুকূলে অর্থ পরিশোধ করা যাবে।


তবে এলসি, চুক্তি ও ইনভয়েস আগের মতোই অনুমোদিত বৈদেশিক মুদ্রায় করতে হবে। লেনদেন নিষ্পত্তির সময় প্রচলিত বিনিময় হার অনুযায়ী ওই অর্থ টাকায় রূপান্তর করা যাবে।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, টাকায় রপ্তানি আয় গ্রহণকারী রপ্তানিকারকেরা বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করতে পারবেন। এসব অর্থ কাঁচামাল আমদানি, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) ঋণ পরিশোধসহ অনুমোদিত বৈদেশিক মুদ্রার দায় পরিশোধে ব্যবহার করা যাবে।


ভোস্ট্রো হিসাবে জমা থাকা অতিরিক্ত অর্থ সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই), বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগ, বিকল্প বিনিয়োগ তহবিল এবং ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যাবে। প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে বাংলাদেশি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রেও এসব অর্থ ব্যবহার করা যাবে।


রেমিট্যান্সের বৈদেশিক মুদ্রা হিসাবেও জমার সুযোগ


এদিকে একই দিনে পৃথক নির্দেশনায় এক্সচেঞ্জ হাউস ও আইএমটিওর মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবে জমা দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


তবে এ ধরনের লেনদেনে গ্রাহকের পরিচিতি যাচাই (কেওয়াইসি), মানি লন্ডারিং প্রতিরোধ (এএমএল), সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) এবং বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালা ও রিপোর্টিংয়ের শর্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে।