বিপদে পড়া অটোরিকশাচালকের পাশে এমপি আব্দুল আজিজ, দিলেন ২০ হাজার টাকা
সংগৃহীত
মোঃ আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা মেরামতের খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন মালিক সাজদার মণ্ডল। তাঁর আর্থিক সংকটের কথা জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি নিজেই সাজদার মণ্ডলের বাড়িতে গিয়ে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালি ও কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে একটি মাছবাহী গাড়ির সঙ্গে চার্জার অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর গাড়িটি মেরামত করতে আর্থিক সংকটে পড়েন মালিক সাজদার মণ্ডল।
বিষয়টি সংসদ সদস্য আব্দুল আজিজের নজরে এলে তিনি অটোরিকশাটি মেরামতের জন্য ২০ হাজার টাকা সহযোগিতার সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় তিনি নিজে সাজদার মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁর হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ মণ্ডল।
জানা গেছে, দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভারও এর আগে সংসদ সদস্য নিজেই বহন করেছিলেন। চিকিৎসার পর এবার ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি মেরামতের জন্য আর্থিক সহযোগিতা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাজদার মণ্ডল ও তাঁর স্বজনরা।
স্থানীয়দের মতে, বিপদে পড়া একজন সাধারণ মানুষের বাড়িতে গিয়ে সরাসরি সহযোগিতা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ মানবিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। এ সহযোগিতা ক্ষতিগ্রস্ত পরিবারটির দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।
এদিকে, সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য দোয়া করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা।
এমকে/বিএম২৪








