এক যুগে ‘চিতলমারীর অন্তরালে’, সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম
এক যুগে ‘চিতলমারীর অন্তরালে’, সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা

সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


বাগেরহাটের চিতলমারীতে স্থানীয় সংবাদপত্র ‘চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি উপলক্ষে বিশেষ সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে পত্রিকাটির দীর্ঘ পথচলা, স্থানীয় সাংবাদিকতার ভূমিকা এবং সাহিত্যচর্চার প্রসার নিয়ে আলোচনা করা হয়।


অনুষ্ঠানে ‘চিতলমারীর অন্তরালে’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চিতলমারী প্রেসক্লাবের সভাপতি একরামুল হক মুন্সীর সম্পাদনায় প্রকাশিত বিশেষ সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য রুনা গাজী, চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক একরামুল হক মুন্সী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিতলমারী উপজেলা সভাপতি কামরুজ্জামান খান পিকলু।


এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ, সাংগঠনিক সম্পাদক প্রিন্স হালদারসহ স্থানীয় সাংবাদিক, সাহিত্যপ্রেমী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


বক্তারা বলেন, স্থানীয় সংবাদপত্র একটি অঞ্চলের সংবাদ প্রকাশের পাশাপাশি তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করে। ‘চিতলমারীর অন্তরালে’ দীর্ঘ ১২ বছর ধরে স্থানীয় জনজীবনের নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


তাঁরা আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চার বিকাশেও স্থানীয় গণমাধ্যমের দায়িত্ব রয়েছে। বিশেষ সাহিত্য সাময়িকী প্রকাশের উদ্যোগ নতুন লেখক ও সাহিত্যপ্রেমীদের উৎসাহিত করবে এবং স্থানীয় সাহিত্যাঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার স্থানীয় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি এলাকার উন্নয়ন, জনস্বার্থ ও সামাজিক সচেতনতা তৈরিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।


প্রধান বক্তা আহসান হাবিব ঠান্ডুসহ অন্যান্য অতিথিরা পত্রিকাটির এক যুগ পূর্তিতে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তাঁরা ভবিষ্যতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনকল্যাণে পত্রিকাটির কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন ও গুণীজনদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় সাংবাদিকতা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।


এমকে/বিএম২৪