হবিগঞ্জে ভয়াবহ হামলা, দেশব্যাপী বিক্ষোভের ডাক দিল এনসিপি
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচির সময় দলটির মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার সারাদেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও জানানো হয়, এনসিপির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটের প্রতি আহ্বান জানানো হয়েছে।








