কুড়িগ্রামে মানবসম্পদ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে কুড়িগ্রামে “মানবসম্পদ উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) শহর সমাজসেবা কার্যালয়ের হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
প্রশিক্ষণে কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩০ জন সুফলভোগী অংশগ্রহণ করেন। কর্মশালায় আত্মকর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি এবং আয়বর্ধক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষক হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুল ইসলাম গবাদিপশু পালন ও খামার ব্যবস্থাপনা বিষয়ে সেশন পরিচালনা করেন। এছাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা আধুনিক মাছ চাষ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সমন্বয় পরিষদের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তারা বলেন, মানবসম্পদ উন্নয়নে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তারা।









