সরকারি এডওয়ার্ড কলেজে অর্থনীতি বিভাগের আন্তঃবর্ষ ফুটবল টুর্নামেন্ট ‘ইপিএল-সিজন ২’ উদ্বোধন

প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম
সরকারি এডওয়ার্ড কলেজে অর্থনীতি বিভাগের আন্তঃবর্ষ ফুটবল টুর্নামেন্ট ‘ইপিএল-সিজন ২’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, পাবনা প্রতিনিধি:

‘খেলা নয়, এটি আমাদের সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও গৌরবের লড়াই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি এডওয়ার্ড কলেজের অর্থনীতি বিভাগের উদ্যোগে আন্তঃবর্ষ ফুটবল টুর্নামেন্ট ‘ইপিএল-সিজন ২’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ১১টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল আল মামুন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোসাব্বির হোসেন সঞ্জু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম মোস্তফা। সঞ্চালনা করেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইউসুফ আরফান বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশক্তির আহ্বায়ক আসিফ মাহবুব, সাবেক সংগঠক ওলিউর রহমান, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মামুন আল হাসান, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সদর উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম তমাল, জাসাস নেতা শুকরাজ সোহেল, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহিন শেখসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

উল্লেখ্য, অর্থনীতি বিভাগের ৬৫তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত ‘ইপিএল-সিজন ২’-এ বিভাগের বিভিন্ন বর্ষের একাধিক দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে কলেজ মাঠে শিক্ষার্থী ও দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।