অনিয়ম ও অব্যবস্থাপনা: বেগমগঞ্জে দুই হাসপাতাল সিলগালা, জরিমানা ৬০ হাজার

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৭:০১ এএম
অনিয়ম ও অব্যবস্থাপনা: বেগমগঞ্জে দুই হাসপাতাল সিলগালা, জরিমানা ৬০ হাজার

মো: মিজানুর রহমান সুমন,  বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে সেবার নামে অনিয়ম ও চরম অব্যবস্থাপনার দায়ে দুটি বেসরকারি হাসপাতাল ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বিভিন্ন অপরাধে তিন মামলায় মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কলেজ রোড এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়:

নাবিলা হাসপাতাল: প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট, প্রয়োজনীয় নার্স এবং মানসম্মত লেবার রুমের অভাব ছিল। বিধি লঙ্ঘনের দায়ে হাসপাতালটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হলি কেয়ার হাসপাতাল: হাসপাতালটিতে সরকার নির্ধারিত বিধি অনুযায়ী চিকিৎসক এবং লেবার রুম না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফার্মেসি ও অ্যানেস্থেসিয়া ঝুঁকি: হাসপাতাল সংলগ্ন একটি ফার্মেসিতে প্রাণঘাতী মেয়াদোত্তীর্ণ অ্যানেস্থেসিয়া ওষুধ সংরক্ষণের ভয়ংকর চিত্র উঠে আসে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন বলেন, "হাসপাতাল দুটির অনিয়ম চোখে পড়ার মতো। তিন মাস আগেও আমরা সেখানে অভিযান চালিয়ে সংশোধনের সুযোগ দিয়েছিলাম। কিন্তু তারা তা কর্ণপাত করেনি। তাই জনস্বার্থ ও রোগীর নিরাপত্তার কথা চিন্তা করে আগামী ১৫ দিনের জন্য হাসপাতালগুলোর সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ এবং ত্রুটি সংশোধন না করা পর্যন্ত হাসপাতালগুলো খোলার অনুমতি দেওয়া হবে না।

অভিযান পরিচালনায় জেলা সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসান খায়ের চৌধুরী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।