মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়া কোচ
স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সের কাছে হার মানতে হয়েছে অস্ট্রিয়াকে। ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। হারলেও মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। তবে রেফারির সিদ্ধান্ত নিয়ে নিজের অসন্তোষ চেপে রাখেননি তিনি।
ম্যাচ শেষে মেসিকে নিয়ে রাংনিক বলেন, ‘৩৯ বছর বয়সেও যে খেলোয়াড় ম্যাচে জোড়া গোল করতে পারে এবং বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে থেকে পাঁচটি গোল করে, সেই তো ম্যাচের আসল পার্থক্য গড়ে দেয়। মেসি আবারও প্রমাণ করল কেন সে সেরাদের সেরা, এমনকি সর্বকালের সেরা।’
তবে আর্জেন্টিনার প্রথম গোলটি নিয়ে প্রশ্ন তুলেছেন এই অভিজ্ঞ কোচ। ৩৮ মিনিটে মেসির করা সেই গোলটি নিয়ে রাংনিক বলেন, ‘প্রথম গোলের সময় জাভের স্লাগারের ওপর স্পষ্ট ফাউল হয়েছিল। চতুর্থ রেফারির উচিত ছিল বিষয়টি খতিয়ে দেখা। তারা যদি ঘটনাটি দেখত, তবে গোলটি হতো না। বিষয়টি খুবই বিরক্তিকর।’ দ্বিতীয় গোলটির ক্ষেত্রে অবশ্য নিজের দলের খেলোয়াড়দেরই দায় দিয়েছেন রাংনিক। তিনি বলেন, ‘দ্বিতীয় গোলের সময় আমাদের ডিফেন্সের ভুল ছিল। সেটা আমাদেরই সীমাবদ্ধতা ছিল।’
ম্যাচ হারলেও দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট রাংনিক। তিনি বলেন, ‘বিশ্বকাপের ম্যাচে এমন মুহূর্ত আসে যখন খেলা এক দলের নিয়ন্ত্রণে থাকে। মেসির জাদুর পরও আমরা ম্যাচে ফিরে এসেছিলাম, বলের নিয়ন্ত্রণ রেখেছিলাম। খেলোয়াড়রা সাহস দেখালে হয়তো ফলাফল ভিন্ন হতে পারত।’দ্বিতীয়ার্ধে নিজের শিষ্যদের খেলা নিয়ে তিনি আরও বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের আরও সাহসী হতে বলেছিলাম, বিশেষ করে গোল করার সুযোগ তৈরির ক্ষেত্রে। অনেকেই আশা করেনি যে, আমরা আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে এতটা নিয়ন্ত্রণ রাখতে পারব। আমি দলের লড়াইয়ে খুশি।’









