নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন মোহাম্মদ মানিক, প্রথমার্ধের ১১ মিনিটে মুরশেদ আলীর ক্রস থেকে হেডে বল জালে জড়ান তিনি।

শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও প্রথমে সুযোগ নষ্ট করে বাংলাদেশ। তবে দ্রুতই লিড নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের দল। নেপাল সমতায় ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল দৃঢ়।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি হলেও আর গোল হয়নি। তবে সমতায় ফিরতে নেপালও কয়েকটি আক্রমণ গড়ে তোলে। ম্যাচের শেষ দিকে নেপাল মরিয়া হয়ে উঠলেও বাংলাদেশের রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে ১-০ ব্যবধানের জয় নিয়েই ফাইনালে ওঠে বাংলাদেশ।

শনিবারের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারত ও ভুটানের মধ্যকার বিজয়ী দলের।