জয় ছিনিয়ে বিভাগীয় খেলায় চিতলমারী, প্রশাসনের ফুলেল বরণ

প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০১:৩৯ পিএম
জয় ছিনিয়ে বিভাগীয় খেলায় চিতলমারী, প্রশাসনের ফুলেল বরণ

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাট জেলার শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চিতলমারী উপজেলা দল। শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে মোরেলগঞ্জ উপজেলাকে ১ রানে পরাজিত করে তারা খুলনা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। আগামী ১৯ মে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিভাগীয় প্রতিযোগিতায় বাগেরহাট জেলার প্রতিনিধিত্ব করবে চিতলমারী।

সোমবার (১১ মে) দুপুরে বাগেরহাট জেলা স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল খেলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চিতলমারী উপজেলা দল। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে দলটি ৭৭ রান সংগ্রহ করে। দলের ব্যাটসম্যানরা দায়িত্বশীল ব্যাটিংয়ের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ দাঁড় করান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোরেলগঞ্জ উপজেলা দলও দারুণ প্রতিরোধ গড়ে তোলে। তবে চিতলমারীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও চমৎকার ফিল্ডিংয়ের কারণে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৬ রানে থেমে যায় তারা। এতে মাত্র ১ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে চিতলমারী দল।

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য চিতলমারীর আলী মাহামুদ নোবেল সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক মো. আব্দুল বাতেন।

খেলার সার্বিক বিষয়ে চিতলমারীর সাবেক খেলোয়াড় ও ক্রীড়া শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন বিন্দু এবং ক্রীড়া সংগঠক মো. সাইদুর রহমান সেলিম খান জানান, দীর্ঘদিন ধরে উপজেলার কিশোর খেলোয়াড়দের প্রশিক্ষণ ও অনুশীলনের ফলেই এ সাফল্য এসেছে। বিভাগীয় পর্যায়েও ভালো ফল করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

এদিকে মঙ্গলবার (১২ মে) বিকেলে চিতলমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি খেলোয়াড়কে রজনীগন্ধা ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, “তোমরা শুধু চিতলমারীর নয়, পুরো বাগেরহাট জেলার গর্ব। বিভাগীয় পর্যায়ে আরও ভালো খেলার জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ, বিভিন্ন ক্রীড়া সংগঠক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।