শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
শার্শা প্রতিনিধি
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের ‘প্রাইম বিক্রম’ নামের একটি ইটভাটার পাশে নাভারণ-সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক, উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলমসহ পুলিশের একটি দল।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার আলাউদ্দীন শার্শা উপজেলার হাজীখালী (যমুনাপুর) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত গোলাম রসুল এবং মায়ের নাম মোছা. জাহেরা খাতুন।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন জানান, এ ঘটনায় চোরাচালানবিরোধী নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।









