যশোর-বেনাপোল মহাসড়কে বিজিবির অভিযান, ২৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম
যশোর-বেনাপোল মহাসড়কে বিজিবির অভিযান, ২৪ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

সংগৃহীত

 আতিকুজ্জামান(শার্শা)যশোর প্রতিনিধি


যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালিয়ে ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের বারটির ওজন ১১৬ দশমিক ৬৫ গ্রাম। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।


সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।


আটক জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত কাসেম আলী শেখ।


বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় তাঁর শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।


এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচারকারীদের আটক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।


তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ পাচারকারীদের আটক করা সম্ভব হচ্ছে। সীমান্তে চোরাচালান ও স্বর্ণ পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এমকে/বিএম২৪