ভোটের সিলসহ গ্রেপ্তার ১, জামায়াত নেতা পলায়নের ঘটনায় চাঞ্চল্য
ডেস্ক রিপোর্টঃ
লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিল জব্দের ঘটনায় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে সদর মডেল থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে শরীফ ও সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ পলাতক রয়েছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জাল ভোট প্রদানের উদ্দেশ্যে জামায়াত নেতা শরীফ সোহেল রানাকে ভোটের সিল তৈরির অর্ডার দেন। সেই অর্ডারের ভিত্তিতে সোহেল তার দোকানে সিলগুলো তৈরি করে রাখেন। অভিযানে পুলিশ ১৬ ঘরবিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন জব্দ করে।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিল জব্দের পর বিএনপির পক্ষ থেকে আটক সোহেলকে জামায়াত কর্মী দাবি করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত নেতা শরীফের ছবি ছড়িয়ে পড়ে। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এবং দক্ষিণ বাঞ্চানগর এলাকার মো. শাজাহানের ছেলে। তিনি হাসপাতাল রোডের ‘আধুনিক অফসেট অ্যান্ড ডিজিটাল সাইন’-এর মালিক।
ঘটনার পর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জেলা শহরের গোডাউন রোড এলাকায় সংবাদ সম্মেলন করে জামায়াতের সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। সরকার, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পরে পাল্টা সংবাদ সম্মেলনে একই আসনের জামায়াত প্রার্থী রেজাউল করিম দাবি করেন, আটক সোহেল জামায়াতের কেউ নন। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি।
এদিকে জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া জানান, সিল জব্দের পরপরই সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে।
সদর মডেল থানার এসআই মনির হোসেন বলেন, গ্রেপ্তার সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
বা/মে২৪/ফা









