ভারী বৃষ্টিতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের অর্থ ফেরত দিচ্ছে রেলওয়ে

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম
ভারী বৃষ্টিতে কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের অর্থ ফেরত দিচ্ছে রেলওয়ে

মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম প্রতিনিধি:

টানা ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কক্সবাজার-চট্টগ্রাম রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে বুধবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী কোনো ট্রেন ছেড়ে যায়নি এবং চট্টগ্রাম থেকেও কোনো ট্রেন কক্সবাজারে পৌঁছায়নি।

রেলওয়ে সূত্র জানায়, গতকাল থেকে অব্যাহত ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইন পানিতে তলিয়ে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় কক্সবাজার-চট্টগ্রাম রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

পরিস্থিতির বিষয়টি যাত্রীদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে যেসব যাত্রী আগাম টিকিট সংগ্রহ করেছিলেন, তাদের টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

টিকিটের অর্থ ফেরতের সুযোগ থাকায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপস্থিতিও ছিল তুলনামূলকভাবে কম। তবে স্টেশন এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন থেকে পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। ততক্ষণ পর্যন্ত যাত্রীদের প্রয়োজন ছাড়া স্টেশনে না এসে সর্বশেষ তথ্য জানতে রেলওয়ের ঘোষণার প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে।