বাগেরহাটে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে ডিসি-এসপি, নিলেন সার্বিক খোঁজখবর
ছবি: বিডি মেইল
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বাগেরহাট জেলার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ে তৎপরতা চালাচ্ছে প্রশাসন ও পুলিশ। এরই অংশ হিসেবে জেলার চিতলমারী উপজেলার চণ্ডিভিটা এলাকার একটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে তাঁরা পূজামণ্ডপে উপস্থিত হয়ে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি মোবাইল পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, পূজা উদযাপনে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্টদের প্রশাসন ও পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদ্দাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের এ পরিদর্শন দুর্গোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা তদারকি এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনিক সমন্বয় জোরদারের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।









