ববিতে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম
ববিতে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

ফাইল ছবি

ববি প্রতিনিধি


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদলের তিন নেতাকর্মীর ওপর হামলার অভিযোগে ছাত্রলীগকর্মী তাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গ্রেপ্তার তাজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বরিশাল শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁকে কোতোয়ালি মডেল থানায় রাখা হয়েছে বলে জানা গেছে।


ঘটনার সূত্রপাত সোমবার বিকেল ৫টার দিকে। বিশ্ববিদ্যালয়ের পাশের ছোট ব্রিজসংলগ্ন নলসিটি হাউজিং এলাকায় গাঁজা সেবনের অভিযোগে বরিশাল মহানগর ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা ইমরান মাহমুদুলসহ কয়েকজন নেতাকর্মী।


এ ঘটনাকে কেন্দ্র করে পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকর্মী তাজের নেতৃত্বে কয়েকজন সংগঠিত হয়ে ইমরান মাহমুদুলসহ ছাত্রদলের তিন নেতাকর্মীর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।


হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ঢাকা-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেন। পরে আসামিদের গ্রেপ্তারের আশ্বাস পেয়ে প্রায় ১০ মিনিট পর তাঁরা সড়ক ছেড়ে দেন।


বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “গতকাল সন্ধ্যায় বরিশাল শহর থেকে তাজকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই কোর্টে চালান করা হবে।”


এ ঘটনায় বাকি তিন আসামি পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া আরও আট থেকে দশজনের সংশ্লিষ্টতা সন্দেহ করা হচ্ছে। তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।