দিরাইয়ে সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি
সংগৃহীত
মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ড এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এম এ মোতালেবের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংবাদিকদের ওপর হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সরদার তালহার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আবুল ফজল আকাশ, অর্থ সম্পাদক সালমান মিয়া, দপ্তর সম্পাদক উমেদ আলী, তথ্য ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন এবং সদস্য আনোয়ার হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য অশোক তালুকদার, জুবের সরদার দিগন্ত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজু চৌধুরী, এনসিপির উপজেলা আহ্বায়ক আতাহার আলী, ভরারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির সত্য উদ্ঘাটন করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে তাঁরা মনে করেন। অন্যদিকে, সংবাদ অনুসন্ধানের সময় সাংবাদিক এম এ মোতালেবের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় হত্যা ও হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার সাহস না পায়।
মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় অবিলম্বে সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।
এমকে/বিএম২৪









