খুলনায় পরিত্যক্ত ভবনের রান্নাঘরে যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর সিঅ্যান্ডবি কলোনির একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঅ্যান্ডবি কলোনির একটি ছয়তলা পরিত্যক্ত ভবনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে পাশের আরেকটি ছয়তলা পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলার রান্নাঘর থেকে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১৫ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পড়ে থাকা স্যান্ডেল দেখে নিহতের বয়স আনুমানিক যুবতী বলে মনে করা হচ্ছে।
ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নিহত নারীর পরিচয় শনাক্ত এবং তাঁর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।









