কুতুবদিয়ায় আগুনে নিঃস্ব ১৩ পরিবার, পাশে দাঁড়াল কোস্ট ফাউন্ডেশন

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পিএম
কুতুবদিয়ায় আগুনে নিঃস্ব ১৩ পরিবার, পাশে দাঁড়াল কোস্ট ফাউন্ডেশন

ছবি: বিডি মেইল

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি


কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। ঘরবাড়ি ও সহায়-সম্বল হারানো পরিবারগুলোর দুর্দশা লাঘবে সংস্থাটির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।


গত ১৭ অক্টোবর রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৩টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। অনেকেই খোলা আকাশের নিচে দিন-রাত কাটাচ্ছেন।


বুধবার (২১ অক্টোবর) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় সহায়তা বিতরণ করেন সংস্থাটির আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম ও আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মো. আয়ুব আলী।


এ সময় কোস্ট ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক মো. আজিম, শাখা ব্যবস্থাপক মো. কুতুব উদ্দিন, মনছুর আলম ও লজিস্টিক অফিসার জুলফিকার হোছাইন উপস্থিত ছিলেন।


এ ছাড়া উপস্থিত ছিলেন ৪ নম্বর কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম, ১ নম্বর ওয়ার্ডের সদস্য নেজাম উদ্দীন, সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী সদস্য ফরিদা বেগম, প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দীন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজবাহ উদ্দীন, মো. শাহজালাল, ওয়াহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


সহায়তা বিতরণকালে বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। দুর্যোগে সর্বস্ব হারানো পরিবারগুলোর পুনরায় ঘুরে দাঁড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


তাঁরা আশা প্রকাশ করেন, কোস্ট ফাউন্ডেশন ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।