কালীগঞ্জে পূজামণ্ডপে মণ্ডপে এমপি মিলন, সম্প্রীতি রক্ষার আহ্বান
ছবি: বিডি মেইল
মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ একেএম ফজলুল হক মিলন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং যেকোনো বিপদ-আপদে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার নাগরী, তুমলিয়া ও কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এমপি মিলন বলেন, “বাংলাদেশের স্বাধীনতার সময় সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশ স্বাধীন করেছেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ এ দেশের নাগরিক। এ দেশ সবার। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নিরাপদে পালনের অধিকার রয়েছে।”
তিনি আরও বলেন, “আপনাদের ধর্মীয় উৎসবের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমরা সবাই মিলেমিশে সম্প্রীতি ও শান্তির মধ্যে বসবাস করতে চাই। বর্তমানে বিশ্বজুড়ে সংঘাত, হানাহানি ও হিংসা-বিদ্বেষ বিরাজ করছে। এমন পরিস্থিতিতেও বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত। আগামী দিনে যেকোনো বিপদ-আপদে আমাকে আপনারা পাশে পাবেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূইয়া, জেলা প্রশাসকের সহধর্মিণী মিনারা নাজমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রকিবুল হাসান।
এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুক্তাজুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন ও সাধারণ সম্পাদক জীবন ধর।
এ ছাড়া উপস্থিত ছিলেন নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম সরকার, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, কালীগঞ্জ কালীবাড়ি পূজামণ্ডপের সভাপতি নিরঞ্জন চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র দাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সনাতন ধর্মাবলম্বীরা।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করা এবং সব ধর্মের মানুষের নিরাপদে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।









