কালিয়াকৈরে ভাড়া বাসার কক্ষে যুবকের পচাগলা ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম
কালিয়াকৈরে ভাড়া বাসার কক্ষে যুবকের পচাগলা ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাইল ছবি

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরের কালিয়াকৈরে একটি ভাড়া বাসার কক্ষ থেকে রাসেল (২৫) নামে এক যুবকের পচাগলা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডানকিনি এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত রাসেল টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার শামীম মিয়ার ছেলে। তিনি কালিয়াকৈর পৌরসভার ডানকিনি এলাকায় ফরহাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।


স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে রাসেলের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার কক্ষটি থেকে তীব্র দুর্গন্ধ বের হলে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে জানালার ফাঁক দিয়ে ভেতরে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।


খবর পেয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রাসেলের পচাগলা মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক সময় ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ওই বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।