ওসিকে ধাক্কা মেরে পালালেন ছাত্রলীগ নেতা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:০৫ এএম
ওসিকে ধাক্কা মেরে পালালেন ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্টঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদারকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম আতিকুল ইসলাম সোমেল। তিনি সখিপুর থানা ছাত্রলীগ শাখার সভাপতি।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সখিপুর বাজারে এ ঘটনা ঘটে। সোমেল সখিপুর ইউনিয়নের সরদার কান্দি গ্রামের বাসিন্দা এবং মৃত মজিবুর সরদারের ছেলে।

ওসি মো. নাজিম উদ্দিন মজুমদার জানান, সখিপুর বাজারে খোলা তেল বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করতে তিনি অভিযান পরিচালনা করছিলেন। এ সময় বাজারের একটি দোকানে ছাত্রলীগ সভাপতি আতিকুল ইসলাম সোমেলকে দেখতে পান। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন।

ওসি আরও জানান, সোমেলের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যান। তাকে ধরার চেষ্টা করতে গিয়ে ওসির হাতের কনিষ্ঠ আঙুলের নখ অর্ধেক উঠে যায়। পরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বা/মে২৪/ফা