গুরুদাসপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১২ পিএম
গুরুদাসপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সংগৃহীত

মোঃ আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার মর্যাদা সুরক্ষা, উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।


সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আকতার, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আলোচনা সভায় বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান কারিগর।


বক্তারা আরও বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের সম্মান ও অধিকার রক্ষা করা হলে শিক্ষাব্যবস্থার ভিত্তি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে একটি জ্ঞাননির্ভর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষকদের জন্য প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করতে হবে।


বিশ্ব শিক্ষক দিবসের এই আয়োজনের মাধ্যমে শিক্ষকদের অবদানের প্রতি সম্মান জানানোর পাশাপাশি তাঁদের পেশাগত উন্নয়ন ও ভবিষ্যৎ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।


এমকে/বিএম২৪