সড়ক খাতে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান চান রিজভী

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম
সড়ক খাতে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান চান রিজভী

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


সড়ক পরিবহন খাতে দীর্ঘদিনের নৈরাজ্য, মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজি বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।


তিনি বলেন, সড়ক খাতে গড়ে ওঠা মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করে আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।


রিজভী বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে গড়ে ওঠা কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দ্রুত দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। নতুন নেতৃত্ব পরিবহন খাতের দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে পরিবর্তন আনতে সোচ্চার থাকবে। একই সঙ্গে সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং যাত্রীসেবার মান উন্নয়নে তারা ভূমিকা রাখবে।


পরিবহন খাত আধুনিকায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নতুন নতুন ধারণা ও উদ্যোগের মাধ্যমে এ খাতকে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহনকে পুরোপুরি আইনসঙ্গত করা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।


রাজনৈতিক বিশৃঙ্খলা প্রসঙ্গে রিজভী বলেন, রাজনীতিবিদরা দায়িত্বে এলে গত ১৭ বছরের ধারাবাহিক নৈরাজ্যের স্থায়ী অবসান ঘটবে।


এর আগে জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নতুন সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও মিছিল নিয়ে সমাধিতে উপস্থিত হন। পরে রিজভী নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।


এমকে/বিএম২৪