ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি
এআর. সুমন, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৭(২) এবং ভোটার তালিকা বিধিমালা, ২০১২ অনুযায়ী উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) ও রেজিস্ট্রেশন অফিসার মোঃ সোহাগ মিয়া কর্তৃক এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এতদ্বারা অষ্টগ্রাম উপজেলার সকল ইউনিয়ন যথা— দেওঘর, কাস্তুল, অষ্টগ্রাম সদর, পূর্ব অষ্টগ্রাম, বাঙ্গালপাড়া, আব্দুল্লাহপুর, খয়েরপুর ও কলমা ইউনিয়নের ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত ২৪ নভেম্বর ২০২৫ তারিখ হতে ৩১ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত নিবন্ধিত ভোটারগণ এবং যাদের জন্ম তারিখ ১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে— এমন সকল যোগ্য নাগরিকদের হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হলো।
উক্ত খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কোনো যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং তালিকায় বিদ্যমান কোনো ভুল-ত্রুটি সংশোধনের জন্য নির্ধারিত ফরম (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪) এর মাধ্যমে আবেদন করতে হবে। উল্লেখ্য, আবেদনপত্র আগামী ৩ মে ২০২৬ তারিখের মধ্যে উপজেলা নির্বাচন অফিস, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ কার্যালয়ে ব্যক্তিগতভাবে অথবা ডাকযোগে জমা দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: অফিস সময়ের মধ্যে উপজেলা নির্বাচন অফিস এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা পরিদর্শন করা যাবে।









