রামেকে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ: দুই ভাই আটক, ইন্টার্নদের ২৪ ঘণ্টার কর্মবিরতি
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোগীর দুই ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অপরদিকে, নিজেদের ওপর হামলা ও ‘মব’ পরিস্থিতির অভিযোগ তুলে ইন্টার্ন চিকিৎসকেরা ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামের বাসিন্দা জুলিয়ারা বেগম (৫০) গত রোববার হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। সোমবার সন্ধ্যায় তিনি মারা যান। এরপর তাঁর ছেলে সোহেল আলী (২৯) ও জয় আলী (২৪) চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
অভিযোগ রয়েছে, এ সময় সোহেল আলী মোবাইল ফোনে ভিডিও ধারণ করলে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে উত্তেজনা বাড়ে এবং একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এতে তিনি আহত হন। পরে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত তাঁকে একটি কক্ষে আটকে রাখা হয় বলে স্বজনদের অভিযোগ। পরবর্তীতে পুলিশ ডেকে দুই ভাইকে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার এস এম মোশাররফ হোসেন বাদী হয়ে রাজপাড়া থানা-য় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা চিকিৎসকদের সরকারি কাজে বাধা দেন, হুমকি দেন এবং মারমুখী আচরণ করেন। পুলিশ জয় আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে এবং সোহেল আলীকে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অন্যদিকে, ইন্টার্ন ডক্টরস সোসাইটি-এর সভাপতি তানভীর আহমেদ তৌকির জানান, গত দুই দিনে হাসপাতালে একাধিকবার ইন্টার্ন চিকিৎসকেরা রোগীর স্বজনদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন। এর প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে তাঁরা কর্মবিরতি পালন করছেন এবং মানববন্ধন কর্মসূচিও পালন করেছেন।
হাসপাতালের মুখপাত্র ডা. সংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলমান রয়েছে। তাঁদের দাবিগুলো বিবেচনায় নিয়ে সমাধানের চেষ্টা করছে কর্তৃপক্ষ। পাশাপাশি সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে জরুরি চিকিৎসা কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।









