দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে নোয়াখালীর আওয়ামী লীগ নেতা নিহত

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে নোয়াখালীর আওয়ামী লীগ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: 

দক্ষিণ আফ্রিকা-এ দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা আবু নাসের শামীম (বারা শামীম)। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জোহানেসবার্গ-এর বারাকওয়ান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু নাসের শামীম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল রশিদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দেশে তার স্ত্রী ও চার ছেলে রয়েছেন।


স্থানীয় প্রবাসী সূত্র জানায়, ঘটনার দিন বিকেলে ফোর্ডসবার্গ এলাকা থেকে বাজার করে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন শামীম। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা এক দুর্বৃত্ত তার মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর ৫ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন জানান, “শামীমকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।”

নিহতের বড় ছেলে আবু রাফসান পিয়াস বলেন, “আমার বাবা ২০০৭ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় যান। পরে চার বছর আগে দেশে এসে আবার সেখানে ফিরে গিয়ে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার ৪-৫টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল।”

তিনি আরও জানান, সম্প্রতি একটি বড় দোকান বিক্রি নিয়ে তার বাবার সঙ্গে এক ব্যবসায়িক অংশীদারের বিরোধ তৈরি হয়েছিল। তবে এই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা এখনো নিশ্চিত নয়।


এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা। একই সঙ্গে দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।


এদিকে নিহতের পরিবার সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে।