তুরস্কের স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক, আলোচনায় রোহিঙ্গা সংকট
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
তুরস্কের পার্লামেন্টের স্পিকার ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক, গণতান্ত্রিক অগ্রযাত্রা, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের পার্লামেন্টে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রার জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন।
এ সময় ডা. শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তুরস্কের অব্যাহত সহযোগিতা ও মানবিক ভূমিকার প্রশংসা করে দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান বিরোধীদলীয় নেতা। এ সময় তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
এ ছাড়া অর্থনীতি, সংসদীয় কার্যক্রম, শিক্ষা, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ। ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা জানান তাঁরা।
বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান এবং চিকিৎসক এসএম খালিদুজ্জামান।
এমকে/বিএম২৪









