ইসলামের আদর্শে গড়লে রাষ্ট্রে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নিজেদের ইসলামের নীতি-আদর্শে গড়ে তুলতে পারলে তাদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে।
শুক্রবার (২৮ আগস্ট) শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ছাত্রজীবন নিজেকে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও আদর্শিক চেতনা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে ছাত্রদের প্রতি আহ্বান জানান তিনি।
চরমোনাই বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকলেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক সংগঠন। অন্য অনেক ছাত্র সংগঠনের কর্মকাণ্ডে অরাজকতা, সন্ত্রাস ও দখলদারিত্বের পরিবেশ তৈরি হয়েছে। এর বিপরীতে ইসলামী ছাত্র আন্দোলন নীতি, নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করছে।
তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু একটি ছাত্র সংগঠন নয়, বরং আদর্শিক নেতৃত্ব তৈরির প্রশিক্ষণকেন্দ্র। এখান থেকে সততা, ন্যায়বিচার, ইনসাফ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে হবে, যারা ভবিষ্যতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানও বক্তব্য দেন। তিনি সরকারকে গণভোটের প্রথা প্রতিষ্ঠা এবং জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোনো ধরনের গড়িমসি গ্রহণযোগ্য নয়।
এমকে/বিএম২৪









