নেপাল থেকে ফিরলেন আটকে পড়া খরাজ, জানালেন অভিজ্ঞতা
সূত্রঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক
নেপালে আকস্মিক বন্যা ও হড়পা বানে বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে আটকে পড়া কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি অবশেষে নিজ শহরে ফিরেছেন। দুই দিন নানা ভোগান্তির পর কলকাতায় পৌঁছে স্বস্তির কথা জানিয়েছেন তিনি।
চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বেশ কিছুদিন ধরে নেপালে অবস্থান করছিলেন খরাজ। সিনেমাটির শুটিং চলছিল পোখরায়। এরই মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির খবর আসে। এতে নেপালে থাকা শিল্পী ও কলাকুশলীদের নিয়ে উদ্বেগ তৈরি হয়।
তবে অপু বিশ্বাস আগেই জানিয়েছিলেন, তারা পোখরায় নিরাপদে আছেন। ফলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে হয়নি তাদের।
কলকাতায় ফিরে খরাজ মুখার্জি বলেন, “আমি এবং আমার স্ত্রী প্রতিভা পোখরায় শুটিংয়ের কাজে গিয়েছিলাম। প্রাকৃতিক বিপর্যয়ের পর নানা সমস্যার মধ্য দিয়ে গোরখপুর পর্যন্ত আসতে হয়েছে। সেখান থেকে শেষ পর্যন্ত কলকাতায় ফিরলাম।”
এদিকে নেপালে ভয়াবহ বন্যা ও হড়পা বানে নিহতের সংখ্যা ৬০০-এর কাছাকাছি পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দুই হাজার মানুষ।
অন্যদিকে, শুক্রবার কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে অপু বিশ্বাসের ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।









