মানব তত্ত্ব-০১ কলমে: অনিকেত
মানুষকে চিনতে না পারার ক্ষতির চেয়ে, চিনে ফেলার ক্ষতিটা শতগুণ বেশি। যখন মানুষকে চেনার অভিজ্ঞতাটা আমাদের মধ্যে থাকে না, তখন ধাক্কা খেলেও সত্য অজানা থাকার কারণে ব্যক্তি মনে তেমন কোন প্রভাব পড়ে না। অপরদিকে, যখন থেকে সেই অভিজ্ঞতাটা নিজের মাঝে চলে আসে, তখন সবকিছুতেই এক নিদারুণ বিতৃষ্ণা যেন ব্যক্তি সত্তাকে প্রবলভাবে জাপটে ধরে; যা আমাদের জীবনকে কঠিন থেকে কঠিনতর করে তোলে।
অতঃপর ধরণীর কোন স্থানেই আমাদের অতৃপ্ত আত্মা সামান্যতম তৃপ্তির লেশটুকুও খুঁজে পায় না। তখন আমরা একেবারেই স্তব্ধ হয়ে যাই। আমাদের এই গভীর আত্মমগ্নতা এক সময় ঠিকই কেটে যায়, যখন আমরা নিজেকে নিয়ে ভাবতে শুরু করি। তখন আর পৃথিবীর কোনকিছুই আমাদেরকে টানে না! আমরা তখন আত্ম-সমালোচনা আর আত্মচর্চায় প্রবলভাবে ব্যস্ত হয়ে পড়ি। ব্যক্তি তখন আপনার স্বকীয় জগৎ জুড়ে শুধু নিজের সকল ত্রুটি দূর করে এক নতুন আমিত্বে পৌঁছানোর জন্য মরিয়া হয়ে উঠে। তারপর, আমরা ক্রমাগত দক্ষতা উন্নয়ন ও জ্ঞানের অপার তৃষ্ণা নিয়ে দূর থেকে দূরান্তে কেবলই ছুটতে থাকি।
সবশেষে, আমরা আমাদের মধ্যে লুকিয়ে থাকা আপনাকে চিনতে পারি। আর এই ব্যক্তি আপনাকে চেনার পর আমাদের সকলের জীবন সত্যিকার অর্থে অতি সাধারণ হয়ে যায়। এক কথায় আমরা সহজ-সরল জীবনে ফিরবেন। প্রকৃতির অবিচ্ছেদ্য মিশেলে লোক ভয় কিংবা রাজ ভয়কেও তখন খুবই হাস্যকর মনে হয়।...(চলবে)
লেখক:
মোঃ আসাদুজ্জামান









