নির্বাচনে উপকূলে মোতায়েন থাকবে ৭ যুদ্ধজাহাজ, মাঠে নামবে ৫ হাজার নৌসদস্য

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম
নির্বাচনে উপকূলে মোতায়েন থাকবে ৭ যুদ্ধজাহাজ, মাঠে নামবে ৫ হাজার নৌসদস্য

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর সাতটি যুদ্ধজাহাজ মোতায়েন থাকবে এবং প্রায় পাঁচ হাজার নৌবাহিনী সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

বুধবার(০৪ জানুয়ারী) সকালে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌবাহিনী প্রধান।

নৌবাহিনী প্রধান বলেন, “জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপকূলীয় ও নদী-নির্ভর এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নৌবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।”

তিনি আরও জানান, উপকূলীয় দুর্গম এলাকা, চরাঞ্চল ও নৌপথে টহল জোরদার করা হবে। প্রয়োজনে দ্রুত রেসপন্স টিম ও নৌ টহল ইউনিট মোতায়েন রেখে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে নৌবাহিনী।

মতবিনিময় সভায় কুতুবদিয়া উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, ভোট কেন্দ্রভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, নৌপথ ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বিশেষ নজরদারি এবং সমন্বিত অভিযান পরিচালনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক সমন্বয়ক, পুলিশ সুপার, উপজেলা নির্বাচনী কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, অধিনায়ক র‍্যাব-১৫, নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট কমান্ডারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভা শেষে নৌবাহিনী প্রধান কুতুবদিয়া কন্টিনজেন্টের প্রস্তুতি, জনবল মোতায়েন ব্যবস্থা ও লজিস্টিক সাপোর্ট পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, নির্বাচনকে ঘিরে কুতুবদিয়াসহ উপকূলীয় এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নৌবাহিনীর সমন্বয়ে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এদিকে নৌবাহিনীর এই প্রস্তুতিতে ভোটারদের মাঝে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন...


বা/মে২৪/ম